ইরানের রাজধানী তেহরানের পাশের একটি বাণিজ্যিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় অন্তত ৪১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
স্থানীয় সময় মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় পশ্চিমাঞ্চলের আন্দিশেহ এলাকায় অবস্থিত আরঘাভান কমপ্লেক্সে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। খবর আনাদোলুর।
শাহরিয়ার জেলার গভর্নর সজ্জাদ বারানজি জানান, কমপ্লেক্সটিতে ২৫০টির বেশি দোকান এবং প্রায় ৫০টি অফিস ইউনিট রয়েছে। আগুন লাগার খবর পাওয়ার পরপরই দমকল বাহিনী ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধার অভিযান শুরু করে।
কর্তৃপক্ষ জানায়, আহতদের মধ্যে অনেককে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন দ্রুত ছড়িয়ে পড়ার প্রধান কারণ ছিল ভবনের কম্পোজিট ফ্যাসাড, যা আগুনকে বাইরের দিক দিয়ে দ্রুত বিস্তৃত হতে সহায়তা করে।
উদ্ধার অভিযান শেষে ভবনের ভেতরে আটকে পড়া সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
তবে কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।