তিন ফিফটিতে অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানাল বাংলাদেশ

দিনের শুরুটা হতাশা জাগানিয়া হলেও, দ্রুতই নিজেদের সামলে নিয়েছিল বাংলাদেশ। কিন্তু, মাঝে আবার ব্যাটিং ধস। শেষ দিকে ঝড় তোলেন মোসাদ্দেক হোসেন সৈকত। তিনজন পান ফিফটির দেখা। তাতে লড়াইয়ের রসদ পায় বাংলাদেশ। মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৪ রান।

শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আজ মঙ্গলবার (৯ জুন) টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। বাংলাদেশের ওপেনিং ব্যর্থ হবে, এ আর নতুন কী! ব্যতিক্রম ঘটেনি আজও। দ্বিতীয় ওভারেই সাজঘরের পথ ধরেন সাইফ হাসান। নাথান এলিসের বলে মার্নাস লাবুশেনের তালুবন্দি হয়ে ৫ বলে ৫ রান করে বিদায় নেন সাইফ। ১০ রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা।

এরপর হাল ধরেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় উইকেটে আসে ৯৬ রান। ৪৪ বলে ৫৪ রান করে এলিসের বলে মিড-অফে হাভিয়ের বারলেটের হাতে ক্যাচ দেন তামিম। তামিম ফেরার পর উইকেটে আসেন লিটন দাস। তিনিও বেশিক্ষণ থাকতে পারলেন না উইকেটে। রেনশোর বলে ফিরতি ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। ৯ বলে মাত্র ৭ রান করেই ফেরেন এই ব্যাটার। শান্ত বিদায় নেন ৮৬ বলে ৬৭ রানে। ম্যাট রেনশোর বলে লং অফে কুপার কনোলির হাতে ধরা পড়েন তিনি।

অধিনায়ক মেহেদী হাসান মিরাজ লিয়াম স্কটের বলে লেগবিফোর হন ১২ বলে ৩ রানে। ৬ উইকেট হারিয়ে ব্যাকফুটে যাওয়া স্বাগতিকদের টেনে তোলেন মোসাদ্দেক। চার বছর পর দলে সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরেছেন তিনি।

প্রত্যাবর্তনের ম্যাচে ওয়ানডেতে ক্যারিয়ার সেরা ইনিংস উপহার দিয়েছেন মোসাদ্দেক। ৭০ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় ৮৬ রানে অপরাজিত থাকেন তিনি।

মোসাদ্দেককে দারুণ সঙ্গ দিয়েছেন তাসকিন আহমেদ। ১৬ বলে ২টি চার ও ১টি ছক্কায় ২০ রান আসে তার ব্যাট থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *