তরুণদের মাদকমুক্ত রাখতে খেলাধুলা ও সংস্কৃতিচর্চার বিকল্প নেই : ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, খেলাধুলা তরুণদের শৃঙ্খলা, নেতৃত্বের বিকাশ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। একটি সুস্থ, সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে ক্রীড়াচর্চার কোনো বিকল্প নেই। তরুণদের মেধা ও সম্ভাবনার বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আজ শুক্রবার (২৬ জুন) রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) আয়োজিত ‘বাগাছাস আদিবাসী ফুটবল টুর্নামেন্ট সিজন-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি তাদের মধ্যে শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং নেতৃত্বের গুণাবলি বিকশিত করে। ক্রীড়ার মাধ্যমে তরুণ সমাজকে ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সম্ভব, যা একটি উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে সহায়ক।

ডেপুটি স্পিকার আরও বলেন, বর্তমানে সারা বাংলাদেশ মাদকের বিরুদ্ধে সোচ্চার। মাদকের করাল গ্রাস থেকে তরুণ ও যুবসমাজকে রক্ষা করতে খেলাধুলা ও সংস্কৃতিচর্চার কোনো বিকল্প নেই। আমরা সবাই মিলে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াব, ইনশা আল্লাহ।

কায়সার কামাল বলেন, বাংলাদেশ একটি বহুজাতিক ও বহুসাংস্কৃতিক দেশ। গারো, হাজং, সাঁওতাল, চাকমা, মারমা, ত্রিপুরা, রাখাইনসহ বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও আদিবাসী সম্প্রদায়ের তরুণরা ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে জাতীয় ঐক্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করতে পারে। এ ধরনের আয়োজন শুধু খেলাধুলার ক্ষেত্রেই নয়, বরং পারস্পরিক ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আয়োজকদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কায়সার কামাল বলেন, এ ধরনের টুর্নামেন্ট আদিবাসী ও বিভিন্ন নৃ-গোষ্ঠীর তরুণদের প্রতিভা বিকাশে সহায়তা করবে এবং তাদের জাতীয় মূলধারার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *