জামালপুরের দেওয়ানগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ডিগ্রি (পাস) তৃতীয় বর্ষের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার পৌর শহরের সরকারি আব্দুল খালেক মেমোরিয়াল কলেজ পরীক্ষা কেন্দ্রে ইংরেজি (আবশ্যিক) পরীক্ষার সময় এ ঘটনা ঘটে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ডিগ্রি (পাস) তৃতীয় বর্ষের পরীক্ষার তৃতীয় দিনের পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন। পরিদর্শনের সময় ১২ জন পরীক্ষার্থীর কাছে নকলসামগ্রী পাওয়া গেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার বিধিমালা অনুযায়ী তাদের বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়।
বহিষ্কৃতদের মধ্যে ছয়জন হাতীভাঙ্গা মোফাজ্জল মিয়া মেমোরিয়াল কলেজের এবং অপর ছয়জন সানান্দবাড়ী ডিগ্রি কলেজের শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল কুমার ভদ্র বলেন, পরীক্ষার বিধিমালা অনুসারে ইউএনওর নির্দেশে ১২ জন পরীক্ষার্থীকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন বলেন, পরীক্ষা কেন্দ্রে কোনো ধরনের নকল বা অনিয়মের সুযোগ নেই। সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে প্রতিদিনই কেন্দ্র পরিদর্শন করা হচ্ছে। এ তদারকি অব্যাহত থাকবে।