টেকনাফের সংরক্ষিত বনে চারা রোপণ করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম কক্সবাজারের টেকনাফের মুচনী বিটের রঙ্গিখালী বনাঞ্চলে সৃজিত ৪০ হেক্টর বাগানে রোববার (৯ আগস্ট) দুপুরে গাছের চারা রোপণ করেছেন।

এর আগে শনিবার সেন্ট মার্টিন দ্বীপের মধ্যভাগে বাংলাদেশ কোস্টগার্ডের কার্যালয় মাঠে নারকেলের চারা রোপণের মাধ্যমে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ প্রতিমন্ত্রী।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, কক্সবাজারের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে। দেশে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে ৮ থেকে ১০ আগস্ট পর্যন্ত তিন দিনে ২০ হাজার গাছের চারা রোপণ করা হবে। প্রতিবেশ সংকটাপন্ন এ দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে এসব গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে সেন্ট মার্টিন দ্বীপকে প্লাস্টিক ও দূষণমুক্ত রাখতে দ্বীপবাসীর সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান পরিবেশ প্রতিমন্ত্রী।

এদিকে, রোববার বিকেলে প্রতিমন্ত্রী কক্সবাজার দক্ষিণ বন বিভাগের আওতাধীন এক হাজার ১০৩ হেক্টর বনভূমি পরিদর্শন করেন। সেখানে ইতোমধ্যে সাড়ে ২৭ লাখ গাছের চারা রোপণ করা হয়েছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনায় সৃজিত এসব বাগানে ফলজ, বনজ ও ওষুধি গাছসহ প্রায় ৫৬ প্রজাতির বৃক্ষ রয়েছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বন বিভাগের চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, সহকারী বন সংরক্ষক (টেকনাফ ও উখিয়া) মো. মনিরুল ইসলাম, টেকনাফ রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুর রশীদসহ বিভিন্ন বিটের বিট কর্মকর্তা, পুলিশ, ফরেস্ট গার্ড এবং বন পাহারা দলের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *