দেশের জনস্বাস্থ্য, খাদ্যে ভেজাল, নকল ওষুধ, মাদক, দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি দীর্ঘ স্ট্যাটাসে দেশের নানা সমস্যা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন তিনি। টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে দেশজুড়ে আলোচনার মধ্যেই তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই স্ট্যাটাসে আসিফ আকবর লিখেছেন, ‘টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, বাতাসে সীসা, পানিতে জীবাণু, ফল পাকায় কার্বাইড, শাকসবজিতে রাসায়নিক কীটনাশক, মাছে ফরমালিন-সবই যেন স্বাভাবিক হয়ে গেছে।’ একই সঙ্গে ফার্মের মুরগিতে ক্রোমিয়াম, নিকেল, আর্সেনিক সীসার মত বিষাক্ত ধাতু, ফাস্টফুড, শিশুখাদ্যে ভেজাল, মোবাইল টাওয়ারের বিকিরণ, পরিবেশ দূষণসহ জনস্বাস্থ্য সংশ্লিষ্ট নানা বিষয় নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
জনস্বাস্থ্যের পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও হতাশা প্রকাশ করেন আসিফ। তিনি লেখেন, ‘মাদকে সয়লাব দেশ, অধরা অবৈধ অস্ত্রের ভান্ডার। এ ছাড়া ব্যাংক লুট, অর্থ পাচার, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, ধর্ষণ, হত্যা ও অপহরণের মতো বিষয় উল্লেখ করে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেন।
বিশ্ব যখন আধুনিক প্রযুক্তি ও ড্রোন ব্যবস্থার উন্নয়নে এগিয়ে যাচ্ছে, তখন দেশের বিভিন্ন অব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তোলেন এই গায়ক। পরিবহন বিশৃঙ্খলা, গ্যাস সংকট, জ্বালানি তেলের সমস্যা এবং প্রবাসী বাংলাদেশিদের নানা সংকটের কথাও তার স্ট্যাটাসে উঠে আসে।
স্ট্যাটাসে নিজের শারীরিক অবস্থার কথাও জানান আসিফ আকবর। তিনি জানান, বেশ কিছুদিন ধরে তার রক্তচাপ ১২০/১৬০ থাকায় চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। চিকিৎসকের বরাত দিয়ে তিনি দাবি করেন, তিনি যে উচ্চ রক্তচাপের ওষুধ সেবন করছিলেন সেটি নকল ছিল এবং তাতে কার্যকর উপাদান ছিল না। এমনকি ওষুধটি ‘আটা দিয়ে তৈরি’ বলেও চিকিৎসক মন্তব্য করেছেন বলে উল্লেখ করেন তিনি।
এ ছাড়া চিকিৎসক বন্ধুদের বরাত দিয়ে তিনি আরও লেখেন, কিছু ওষুধে নির্ধারিত মাত্রার চেয়ে কম কার্যকর উপাদান থাকে। সে কারণেই অনেক সময় একটি ট্যাবলেটের পরিবর্তে দুটি ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেওয়া হয় বলে দাবি করেন তিনি।
সবশেষে আসিফ লেখেন, ‘স্বাধীনতার ৫৫ বছর গত, মরতেও হবে একদিন। সুস্থ থাকার চেষ্টায় অন্তত জেনুইন ওষুধটা খেয়ে মরার সুযোগটা হবে তো?’
আসিফ আকবরের এই স্ট্যাটাস এমন এক সময়ে এসেছে, যখন দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সম্প্রতি এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর এক গবেষণায় দেশের বাজারে বিক্রি হওয়া বিভিন্ন টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির দাবি করা হয়। গবেষণার তথ্য প্রকাশের পর জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। সেই আলোচনার মধ্যেই আসিফ আকবরের স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।