জুলাই বিপ্লব স্বীকার করলে সরকার গণভোট বাতিল করত না : বিরোধীদলীয় হুইপ

জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ, বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বর্তমান ক্ষমতাসীন সরকার জুলাই বিপ্লব স্বীকার করলে গণভোট বাতিল করত না।

আজ রোববার (২ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা জামায়াত আয়োজিত গণমিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিরোধীদলীয় হুইপ এ কথা বলেন।

বিরোধীদলীয় হুইপ বলেন, এবারের জাতীয় সংসদ নির্বাচনে মানুষ ভোট দিয়েছে দুটি। একটি হলো জাতীয় সংসদের ভোট আরেকটি গণভোট। প্রায় ৭০ ভাগ মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে। কিন্তু বর্তমান সরকার জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে, গায়ের জোরে, বিরোধীদলের আপত্তি থাকার পরও গণভোটের রায় বাতিল করে দিয়েছে। আমরা ধিক্কার জানাই তাদের।

বিরোধীদলীয় হুইপ আরও বলেন, যারা গণভোট মানে না, তারা কি জুলাই বিপ্লবকে মানে? যারা গণভোট মানে না তারা কি জুলাই বিপ্লব স্বীকার করে? যদি স্বীকার করত তাহলে তো তারা গণভোট বাতিল করত না। তাহলে তো মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল করত না। তাহলে তো দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ বাতিল করত না। তাহলে তো খুন-গুম কমিশন বাতিল করত না। 

বিএনপি সব কিছুতেই দলীয়করণ করছে মন্তব্য বরে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, সব বিশ্ববিদ্যালয়ে দলীয় বিবেচনায় ভিসি নিয়োগ, সিটি করপোরেশন, জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে। অথচ বিএনপির ৩১ দফায় এটা উল্লেখ আছে সব ক্ষেত্রে নির্বাচিত জনপ্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করবেন। তাহলে আপনাদের ৩১ দফা গেল কোথায়?

সমাবেশ শেষে উল্লাপাড়া পৌর এলাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি গণমিছিল শুরু হয়। শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি শ্যামলিপাড়া বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *