জাপানের দক্ষিণাঞ্চলের কুমামোতো প্রিফেকচারে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
মঙ্গলবার (২৮ জুলাই) এ ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের আঘাতের পর হাজার হাজার বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পের পর সর্বোচ্চ এক মিটার উচ্চতার সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে কুমামোতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা ও মিয়াজাকি প্রিফেকচারে জরুরি ভূমিকম্প সতর্কতা ঘোষণা করা হয়েছে।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান সনি এবং বৃহত্তম চুক্তিভিত্তিক সেমিকন্ডাক্টর নির্মাতা টিএসএমসির কারখানা রয়েছে। সনির একজন মুখপাত্র জানিয়েছেন, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তবে টিএসএমসি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
ভূমিকম্পের কারণে প্রায় ৪০ হাজার বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে কিউশু ইলেকট্রিক পাওয়ার। এছাড়া জেআর কিউশু সাময়িকভাবে সব ধরনের ট্রেন চলাচল, বিশেষ করে উচ্চগতির বুলেট ট্রেনের সেবা স্থগিত করেছে।
তবে স্বস্তির খবর হলো, ক্ষতিগ্রস্ত এলাকার কোনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এখন পর্যন্ত কোনো অস্বাভাবিকতা বা নিরাপত্তাজনিত সমস্যা শনাক্ত হয়নি বলে জানিয়েছে জাপানের পারমাণবিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।
ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত জাপান প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত। এ কারণে দেশটিতে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। ২০১৬ সালে একই কুমামোতো অঞ্চলে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে শতাধিক মানুষের প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।
এসএন/পিডিকে