বিশ্বকাপের মঞ্চে নিজেদের টিকে থাকার লড়াইয়ে শেষ পর্যন্ত সফল আলজেরিয়া! সান ফ্রান্সিসকো বে স্টেডিয়ামে ‘জে’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে জর্ডানকে ২-১ গোলে হারিয়ে নকআউট পর্বে ওঠার আশা জিইয়ে রেখেছে উত্তর আফ্রিকার দলটি। অন্যদিকে টানা দুই পরাজয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়া জর্ডানের বিদায় নিশ্চিত হয়েছে গ্রুপ পর্ব থেকেই।
ম্যাচের শুরু থেকেই ছিল সমানে সমান লড়াই। আলজেরিয়া বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও জর্ডানও সুযোগ পেলেই পাল্টা আক্রমণে প্রতিপক্ষকে চাপে ফেলে। প্রথমার্ধে কয়েকবার গোলের সুযোগ তৈরি করেও সফল হতে পারেনি কোনো দল। তবে ৩৬তম মিনিটে ম্যাচে এগিয়ে যায় জর্ডান। মুসা আল-তামারির তৈরি করা আক্রমণ থেকে বল পেয়ে বিশ্বকাপে জর্ডানের ইতিহাসের প্রথম গোলটি করেন নিজার আল-রাশদান। সেই গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় মধ্যপ্রাচ্যের প্রতিনিধিরা।
বিরতির পর ম্যাচের চিত্র বদলে যায়। সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে আলজেরিয়া। একের পর এক আক্রমণে জর্ডানের রক্ষণভাগকে ব্যস্ত রাখে তারা। অবশেষে ৬২তম মিনিটে রিয়াদ মাহরেজের নিখুঁত পাস থেকে গোল করে সমতা ফেরান নাধির বেনবুয়ালি। গোল হজমের পর কিছুটা ছন্দ হারিয়ে ফেলে জর্ডান।
সমতার পর জয়ের জন্য আরও আক্রমণাত্মক হয়ে ওঠে আলজেরিয়া। এর ফলও পেয়ে যায় তারা। ম্যাচের ৮২তম মিনিটে জর্ডানের বক্সে তৈরি হওয়া সুযোগ কাজে লাগিয়ে দুর্দান্ত ভলিতে জালের ঠিকানা খুঁজে নেন আমিন গুইরি। অফসাইডের সম্ভাবনা থাকায় ভিএআরের সাহায্য নেওয়া হলেও শেষ পর্যন্ত গোলের বৈধতা নিশ্চিত করা হয়। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি জর্ডান।
এই জয়ের ফলে দুই ম্যাচ শেষে আলজেরিয়ার সংগ্রহ দাঁড়িয়েছে ৩ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রিয়া। দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করেছে আর্জেন্টিনা। অন্যদিকে কোনো পয়েন্ট না পাওয়ায় জর্ডানের বিদায় নিশ্চিত হয়েছে এক ম্যাচ হাতে রেখেই।
এখন ‘জে’ গ্রুপে দ্বিতীয় রাউন্ডে ওঠার লড়াই জমে উঠেছে আলজেরিয়া ও অস্ট্রিয়ার মধ্যে। গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সেই ম্যাচের জয়ী দল সরাসরি নকআউট পর্বে জায়গা করে নেবে। ড্র হলে গোল ব্যবধানে এগিয়ে থাকায় সুবিধাজনক অবস্থানে থাকবে অস্ট্রিয়া। তবে পরাজিত দলের জন্যও ‘সেরা তৃতীয় দল’ হিসেবে পরের রাউন্ডে ওঠার সম্ভাবনা উন্মুক্ত থাকবে।
একসময় জয়ের স্বপ্ন দেখানো জর্ডান শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়লেও বিশ্বকাপ অভিষেকে লড়াকু ফুটবলের ছাপ রেখে গেছে। আর দুর্দান্ত প্রত্যাবর্তনের এই জয় আলজেরিয়ার জন্য খুলে দিয়েছে দ্বিতীয় রাউন্ডে ওঠার নতুন সম্ভাবনা!
এসএন/কে