জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য ফারজানা ইসলামের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার (৭ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এই আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক খোরশেদ আলম ফারজানা ইসলামের আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, ফারজানা ইসলামের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি এবং স্বামী-পুত্রের মাধ্যমে লাখ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ রয়েছে। ফারজানা ইসলাম, তার স্বামী আখতার হোসেন একজন আয়কর দাতা। তাদের বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ গোপনের সম্ভাবনা রয়েছে। অভিযোগটি সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের মূল আয়কর নথি জব্দ করা প্রয়োজন।