ছিনতাইয়ের ৪০ ঘণ্টার মধ্যে ধরা দুই ছিনতাইকারী

নাটোরের লালপুরে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে এক নারীর কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনার মাত্র ৪০ ঘণ্টার মধ্যে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং লুট হওয়া টাকার মধ্যে ১ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে লালপুর থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার ভাদুর বটতলা এলাকার সোহাগ আলী (১৯) ও পাবনার ঈশ্বরদী উপজেলার গোপালপুর বটতলা এলাকার সবুজ আলী (২০)।

পুলিশ জানায়, গত সোমবার (৪ আগস্ট) সকাল ১১টার দিকে জেসমিন নাহার ব্যাংক থেকে ১ লাখ ৮০ হাজার টাকা উত্তোলন করে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। গোপালপুর-লালপুর সড়কের যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পৌঁছালে পেছন থেকে মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী ওই ভুক্তভোগী নারীর ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় থানায় মামলা হওয়ার পর তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে মেহেরপুর থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল ও লুট হওয়া টাকার মধ্যে ১ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অল্প সময়ের মধ্যেই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *