চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে যৌথ উচ্ছেদ অভিযান

যানজট নিরসন, সড়কের সরকারি জায়গা দখলমুক্ত করা ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে তিন দিনব্যাপী উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগ এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানের প্রথম দিনেই মহাসড়কের বিভিন্ন পয়েন্ট থেকে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

আজ সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টার দিকে চাঁদপুর শহরের ওয়ারলেস এলাকা থেকে এ অভিযান শুরু হয়। পরবর্তীতে চাঁদপুর-কুমিল্লা-ফরিদগঞ্জ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশগুলোতে সওজের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, খাজুরিয়া থেকে বর্ডার বাজার পর্যন্ত সড়কের দুই পাশে ৬ শতাধিক অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। পূর্বেই নোটিশ দেওয়া হলেও দখলদাররা সরে না যাওয়ায় এ উচ্ছেদ কার্যক্রম চালানো হচ্ছে বলে জানান চাঁদপুর সওজের নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলী। তিনি বলেন, উদ্ধার হওয়া জায়গায় অবৈধ দখল রোধে বৃক্ষরোপণ করা হবে। পাশাপাশি বাবুরহাট এলাকার যানজট নিরসনে উদ্ধারকৃত জায়গায় ‘ইন্টারসেকশন’ তৈরির পরিকল্পনা রয়েছে।

অভিযানে জেলা প্রশাসনের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা দায়িত্ব পালন করেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *