পরিবেশ রক্ষায় গাছ না কেটে ঘর নির্মাণ করলেন ব্যবসায়ী

বরগুনার পাথরঘাটা উপজেলার তালতলা বাজারে পরিবেশ রক্ষা ও স্থানীয় ঐতিহ্য ধরে রাখতে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মনজুরুল ইসলাম মুন্সী নামে এক ব্যবসায়ী। দোকানঘর নির্মাণের সময় একটি জীবন্ত তালগাছ না কেটে সেটিকে অক্ষত রেখেই চারপাশে ইট-সিমেন্টের কাঠামো তৈরি করে দোকান গড়ে তুলেছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, একসময় প্রচুর তালগাছ থাকার কারণে এলাকাটির নাম হয়েছিল ‘তালতলা’। কিন্তু সময়ের ব্যবধানে অধিকাংশ গাছই বিলুপ্ত হয়ে যায়। এলাকার হারিয়ে যাওয়া সেই ঐতিহ্য বজায় রাখতেই অতিরিক্ত আড়াই থেকে তিন লাখ টাকা ব্যয় করে পুরোনো তালগাছটি দোকানের মাঝখানে সংরক্ষণ করেন মনজুরুল।

এ বিষয়ে মনজুরুল ইসলাম মুন্সী বলেন, গাছটি কেবল কাঠ নয়, এটি তাদের এলাকার ঐতিহ্যের প্রতীক। গাছ না কেটে অবকাঠামো নির্মাণের এমন ইতিবাচক পদক্ষেপের প্রশংসা করছেন স্থানীয় বাসিন্দারা।

উপজেলা কৃষি কর্মকর্তা শিপন চন্দ্র ঘোষ বলেন, অবকাঠামোগত উন্নয়নের সময় পরিবেশ সুরক্ষায় গাছ কেটে না ফেলে এভাবে সংরক্ষণ করা অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *