চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকারের অপরাধে পাঁচজন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় তিনটি মাছ ধরার নৌকা ও পাঁচ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
গতকাল সোমবার (১৩ এপ্রিল) বিকেলে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী এবং সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি।
দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- চাঁদপুর সদরের হযরত আলী (৩০), শুভ পাটওয়ারী (১৮), জয়নাল উদ্দিন (৭৫), মেছের উদ্দিন (৪০) ও মতলব উত্তরের আব্দুল (২৪)। এদের মধ্যে আব্দুলকে ১৫ দিন এবং বাকি চারজনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে চারজনকে ২০০ টাকা করে জরিমানাও করা হয়েছে।
সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, সোমবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেঘনা নদীর আনন্দ বাজার, শফরমালী, রাজরাজেশ্বর, মিনি কক্সবাজার, চরমুকুন্দী ও বহরিয়া সংলগ্ন এলাকায় এই যৌথ টহল পরিচালিত হয়। অভিযানে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশ অংশ নেয়।
অভিযানকালে রাজরাজেশ্বর ইউনিয়নের গাজীরটেক ও চরমুকুন্দী এলাকা থেকে তিনটি নৌকাসহ ওই পাঁচ জেলেকে আটক করা হয়। পরে জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং নৌকাগুলো কোস্টগার্ডের হেফাজতে রাখা হয়েছে।