চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে খাগড়াছড়িগামী একটি লোকাল বাসে যৌন হয়রানির অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন যাত্রীরা।
অভিযুক্ত মোহাম্মদ জসিম (৩৫) চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার ভুজপুর এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (২৪ জুলাই) দুপুর ২টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট থেকে বাড়ির উদ্দেশে খাগড়াছড়িগামী একটি লোকাল বাসে ওঠেন ওই শিক্ষার্থী। তিনি বাসের সামনের দিকে একটি আসনে বসেছিলেন। এ সময় তাঁর পেছনের আসনে বসা মোহাম্মদ জসিম সিগারেটের ছাই ফেলার অজুহাতে বারবার তাঁর শরীরে স্পর্শ করেন বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় শিক্ষার্থী প্রতিবাদ করলে অভিযুক্ত তাঁর সঙ্গে অসদাচরণ করেন এবং বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বাসের অন্যান্য যাত্রীরা হস্তক্ষেপ করেন। পরে হাটহাজারী এলাকায় অভিযুক্ত, তাঁর স্ত্রী ও সন্তান বাস থেকে নেমে যান।
তবে কিছুক্ষণ পর ফটিকছড়ির একটি বাসস্ট্যান্ডে বাসটি যাত্রী ওঠানামার জন্য থামলে অভিযুক্ত ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় সেখানে এসে আবার বাসে ওঠেন। এরপর তিনি ওই শিক্ষার্থীর চুল ধরে টান দেন এবং তাঁকে শারীরিকভাবে হেনস্তা ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় বাসের যাত্রী, চালক ও সহকারীর সহযোগিতায় অভিযুক্তকে আটক করে ফটিকছড়ি থানায় নিয়ে যাওয়া হয় এবং পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হয়েছে।
ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ওই ব্যক্তি সিগারেটের ছাই ফেলার অজুহাতে আমার শরীরে হাত দেন। আমি প্রতিবাদ করলে তিনি আমাকে হুমকি দিতে থাকেন। যাত্রীরা তাঁকে বাস থেকে নামিয়ে দিলেও পরে আবার বাসে উঠে আমার চুল ধরে টান দেন এবং শারীরিকভাবে হয়রানি করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক ইসহাক ভূঁঞা বলেন, যাত্রীদের তাৎক্ষণিক হস্তক্ষেপের কারণেই অভিযুক্তকে আটক করে ফটিকছড়ি থানায় হস্তান্তর করা সম্ভব হয়েছে।