গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ঝরল ৫ প্রাণ

ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ হয়।

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এতে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৮ মে) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়ামুল হুদা এনটিভিকে তথ্যটি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে দুজন মোটরসাইকেল এবং তিনজনের বাসের যাত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী দোলা পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন এবং হাসপাতালে নেওয়ার পরে আরও একজনের মৃত্যু হয়।

বাসযাত্রী মোহাম্মদ জামাল শিকদার বলেন, গাড়ির মাঝামাঝির দিকে বসা ছিলাম। গাড়িটি ঢাকা থেকে পিরোজপুরের দিকে যাচ্ছিল। গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল বাউলি দিয়ে গাড়ির নিচে ঢুকে যায়। আমাদের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপরে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

স্থানীয় সংসদ সদস্য ডা. কেএম বাবর, জেলা প্রশাসক মো. আরিফ উজ জামান ও পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *