ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুজন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গতকাল বুধবার (২৭ মে) রাতে ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা বলেন, গত রাত সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে বরিশালগামী একটি মোটরসাইকেলের সঙ্গে অপর দিক থেকে ভাঙ্গামুখী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুই মোটরসাইকেলে থাকা চারজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত বাকি দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন–বরিশাল সদর এলাকার জাহাঙ্গীর শরীফের ছেলে আলী ইমরান শরীফ (২৩) ও ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী এলাকার কাঞ্চন মোল্লার ছেলে সাইফুল মোল্লা(২২)। নিহত দুজন দুই মোটরসাইকেলের চালক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন বলেন, আমরা খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করে। বাকি দুজন আহতের চিকিৎসা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।