গাড়ি থেকে পড়া মাছ তুলতে গিয়ে ট্রাকচাপায় ব্যবসায়ীর মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জে রাস্তা থেকে পড়ে যাওয়া মাছ তুলতে গিয়ে দ্রুতগতির ট্রাকচাপায় আবুবক্কর (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে রায়গঞ্জ উপজেলার নিমগাছী মৎস্য আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুবক্কর সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার আড়ংগাইল গ্রামের মহির উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নিমগাছী বাজারে মাছের ব্যবসা করে আসছিলেন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নিমগাছী মৎস্য আড়ত থেকে মাছ কিনে বাজারে বিক্রি করার জন্য ফিরছিলেন আবুবক্কর। পথিমধ্যে গাড়ি থেকে একটি পাঙ্গাশ মাছ সড়কে পড়ে গেলে তা তুলতে নিচে নামেন তিনি। মাছটি তোলার সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, দুর্ঘটনার পর স্বজনেরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছেন। ইতোমধ্যে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *