গাইবান্ধায় পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

গাইবান্ধা সদর উপজেলায় পিকআপভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালকসহ দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৯ মে) সকাল পৌনে ১০টার দিকে সদর উপজেলার গাইবান্ধা-দারিযাপুর আঞ্চলিক মহাসড়কের কুমারপাড়া-ঠাকুরের দীঘি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর বাবুর বাজার এলাকার বাসিন্দা অটোরিকশা চালক ফরিদ মিয়া (৪৭) ও সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের আনালেরতাড়ী (নিউ তালের তল) গ্রামের মাসুদুর রহমান দর্জির ছেলে যাত্রী আব্দুর রাজ্জাক (৩০)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে ব্রয়লার মুরগি পরিবহনকারী একটি দ্রুতগামী পিকআপভ্যান দারিযাপুরের দিকে যাচ্ছিল। একই সময় দারিযাপুর থেকে চারজন যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা গাইবান্ধা শহরের দিকে আসছিল। অটোরিকশাটি আঞ্চলিক মহাসড়কের ঠাকুরের দীঘি নামক স্থানে পৌঁছালে বিপরীতমুখী পিকআপের সাথে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে পিকআপ ও অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং অটোরিকশাটি ছিটকে পাশের ফসলি জমির খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আব্দুর রাজ্জাক মারা যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় অটোরিকশা চালক ফরিদ মিয়াকে উদ্ধার করে দ্রুত গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় অটোরিকশার আরও তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা শেষে দুইজন বাড়ি ফিরে গেছেন। তবে বাকি একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন চিকিৎসক। 

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী বাবু বলেন, ঘটনাটি আমার চোখের সামনেই ঘটেছে। মূলত পিকআপভ্যানটি গতি অত্যন্ত বেশি থাকার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এসব বেপরোয়া পিকআপ চালক ও মালিকদের দ্রুত আইনের আওতায় আনা দরকার।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করেছে। নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে চিকিৎসাধীন বাকি আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *