ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের ভাই এ. বি. এম. শাহরিয়ারের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (১৯ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন আদালতে আয়কর নথি জব্দের এই আবেদনটি জানান। আবেদনে উল্লেখ করা হয়, ‘প্রেসিডেন্ট রিসোর্ট অ্যান্ড অ্যাগ্রো লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক এ. বি. এম. শাহরিয়ার ১২ কোটি ৯৬ লাখ ৮৭ হাজার ৬০৪ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অবৈধভাবে অর্জন করে ভোগ দখলে রেখেছেন। সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ পুলিশের গুরুত্বপূর্ণ পদে আসীন থেকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তার ভাই শাহরিয়ারকে এই অপরাধমূলক কর্মকাণ্ডে সরাসরি সহায়তা করেছেন। তাই মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে আসামির সব আয়কর রিটার্নসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্র জব্দ করে পর্যালোচনা করা একান্ত প্রয়োজন।
শুনানি শেষে আদালত দুদকের আবেদনটি আমলে নিয়ে আয়কর অফিস থেকে সংশ্লিষ্ট সমস্ত রেকর্ডপত্র জব্দ করার জন্য নির্দেশ প্রদান করেন।
এর আগে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) বাদী হয়ে এই মামলাটি দায়ের করে। মামলার বিবরণে সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশিদের বিরুদ্ধে ১৭ কোটি ৫১ লাখ টাকার অবৈধ সম্পদ, তার স্ত্রী শিরিন আক্তারের বিরুদ্ধে ১০ কোটি ৭৬ লাখ টাকা এবং ভাই এ. বি. এম. শাহরিয়ারের বিরুদ্ধে ১২ কোটি ৯৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।