খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় পিলাক খাল পুনঃখনন কর্মসূচির স্কেভেটরসহ বিভিন্ন যন্ত্রপাতি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাতে কোনো এক সময় উপজেলার পিলাক খাল এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার (২১ মে) সকালে গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিশকাতুল তামান্না এবং গুইমারা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দেশব্যাপী ‘খাল পুনঃখনন কর্মসূচি-২০২৬’ হাতে নেওয়া হয়। এরই আওতায় ১ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ৫ কিলোমিটার দীর্ঘ পিলাক খাল এবং ১ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে ৪ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ তৈইমাতাই খাল পুনঃখননের কাজ শুরু করা হয়। এই দুটি প্রকল্পে স্থানীয় ৭৭৩ জন দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছিল।
অভিযোগ রয়েছে, চলতি মাসের শুরু থেকেই পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ চাঁদার দাবিতে এই খাল খনন কার্যক্রম বন্ধ রাখার জন্য প্রকল্পের লেবার সর্দারদের ডেকে নিয়ে নানা হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখিয়ে আসছিল। এরই জেরে বুধবার রাতে দুর্বৃত্তরা প্রকল্পে আঘাত হেনে আগুন লাগিয়ে স্কেভেটরটি সম্পূর্ণভাবে পুড়িয়ে দেয়।
তবে চাঁদার দাবিতে খাল খনন কর্মসূচীতে বাধা দেওয়া এবং যন্ত্রপাতি পুড়িয়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ইউপিডিএফ’র স্থানীয় সংগঠক দুর্জয় চাকমা। তিনি দাবি করেন, এই ঘটনার সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই এবং এটি তাদের বিরুদ্ধে একটি মিথ্যা প্রচারণা ও ষড়যন্ত্র।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রশাসনিকভাবে লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিশকাতুল তামান্না বলেন, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।