কোন পথে লুকা মদ্রিচের ভবিষ্যৎ?

ক্রোয়েশিয়ার মিডফিল্ডার লুকা মদ্রিচের ভবিষ্যৎ নিয়ে চলা সব জল্পনার অবসান ঘটতে যাচ্ছে এবার। ইতালিয়ান ক্লাব এসি মিলানের সঙ্গে আরও এক মৌসুমের চুক্তিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ক্রোয়েশিয়ার কিংবদন্তি এই মিডফিল্ডার।

বিশ্বকাপের পর মদ্রিচের ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছিল নানা আলোচনা। দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানবেন, নাকি আরও কিছুদিন মাঠে থাকবেন– তা নিয়ে ছিল কৌতূহল। তবে শেষ পর্যন্ত অবসর না নিয়ে পেশাদার ফুটবলে আরও এক মৌসুম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৪০ বছর বয়সী এই তারকা।

ইতালির একাধিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মদ্রিচ ও মিলানের মধ্যে নতুন চুক্তির বিষয়ে মৌখিক সমঝোতা হয়েছে। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি৷ তবে চুক্তির বিষয়টি প্রায় চূড়ান্ত বলে জানা গেছে।

নতুন চুক্তি অনুযায়ী, তিনি ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত মিলানের জার্সিতে খেলবেন। ফলে আগামী মৌসুমেও ইউরোপের সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে দেখা যাবে তাকে।

গত কয়েক সপ্তাহ ধরে মদ্রিচের প্রতিনিধি ও মিলান কর্তৃপক্ষের মধ্যে নিয়মিত আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত উভয় পক্ষ এমন একটি সমঝোতায় পৌঁছেছে। যেখানে আগের চুক্তির আর্থিক কাঠামো প্রায় একই রাখা হয়েছে। পাশাপাশি মাঠের পারফরম্যান্স ও ম্যাচে অংশগ্রহণের ভিত্তিতে অতিরিক্ত বোনাসের ব্যবস্থাও থাকছে।

মদ্রিচের অভিজ্ঞতা ও নেতৃত্ব মিলানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্লাবটি তার মাঠের দক্ষতার পাশাপাশি ড্রেসিংরুমে প্রভাব, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং কঠিন মুহূর্তে দলকে পথ দেখানোর সামর্থ্যকে বিশেষভাবে মূল্যায়ন করে। তাই ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় না খেললেও তাকে ধরে রাখতে আগ্রহী ছিল মিলান।

মিলানের এই আস্থাই শেষ পর্যন্ত মদ্রিচকে ইতালিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিতে উৎসাহিত করেছে। এখন তার লক্ষ্য, নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে মিলানকে আবারও ইতালিয়ান ফুটবল ও ইউরোপের শীর্ষ পর্যায়ে ফিরিয়ে আনার পথে অবদান রাখা।

গত মৌসুমে মিলানের হয়ে ৩৪টি ম্যাচ খেলেছেন মদ্রিচ। ৪০ বছর বয়সেও তার ফিটনেস, দক্ষতা ও ধারাবাহিক পারফরম্যান্স প্রমাণ করেছে, ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য এখনো রয়েছে ক্রোয়েশিয়ার এই কিংবদন্তির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *