সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বুধবার (১৯ আগস্ট) কেরানীগঞ্জের বিশেষ কারাগার থেকে তিনি মুক্তি পান।
ঢাকার সিএমএম আদালতের জিআর শাখা থেকে এই তথ্য জানা গেছে।
নতুন কোনো মামলা না আসায় তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন বলে সূত্রে জানা গেছে।
এদিকে, হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বনানী থানায় করা মামলায় ১০ আগস্ট হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পান খায়রুল হক। এর আগে পৃথক আট মামলায় জামিন পাওয়ার পর বনানী থানার মামলায় তাকে গ্রেপ্তার করতে গত ২ জুলাই আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। ৮ জুলাই তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত ২৭ জুলাই নিম্ন আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে ৯ আগস্ট হাইকোর্টে জামিন আবেদন করেন খায়রুল হক। শুনানি শেষে ১০ আগস্ট আদালত তাকে অন্তর্বর্তী জামিন দেন। এরপর আজ তিনি কারাগার থেকে মুক্তি পান।
নথি থেকে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর মহাখালীর সেতু ভবনের সামনে আন্দোলনকারীরা অবস্থান করছিলেন। সেখান থেকে শাহবাগের দিকে যাওয়ার সময় তাদের ওপর হামলা, গুলিবর্ষণ ও ককটেল নিক্ষেপ করা হয়। এতে উজ্জ্বল মিয়াসহ ২৫ থেকে ৩০ জন আহত হন। এ ঘটনায় উজ্জ্বল মিয়া বনানী থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।