অভিনেত্রী রিধিকার আত্মহত্যা, প্রেমিক হাসিবুরের জামিন নাকচ

রাজধানীর ভাটারায় অভিনেত্রী লিনা আক্তার ওরফে রিধিকা রিধির মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার প্রেমিক হাসিবুর রহমানের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। বুধবার (১৯ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এই আদেশ দেন। 

এর আগে গত ১৬ আগস্ট ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ও ভাটারা থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) আব্দুল ওয়াদুত আসামি হাসিবুর রহমানকে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। এরপরে তার আইনজীবী জামিনের আবেদন করেন। বিচারক আবেদনের প্রেক্ষিতে আজ বুধবার এই মামলার জামিন শুনানির দিন নির্ধারণ করেন।

ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসএম) কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এজাহার থেকে জানা গেছে, গত ১৫ আগস্ট রাজধানীর ভাটারা থেকে একটি বাসার সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মডেল লিনা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই বাসায় ভাড়া থেকে মিডিয়ায় কাজ করতেন। লিনার সঙ্গে হাসিবুর রহমানের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কের শুরু থেকেই হাসিবুর তাকে বিভিন্নভাবে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন বলে অভিযোগ পরিবারের। ঘটনার দিন অর্থাৎ ১৪ আগস্ট রাতে লিনা তার বাসায় বান্ধবী ইশান ও জান্নাতের সঙ্গে ছিলেন। রাত ১১টার দিকে লিনা ও হাসিবুরের মধ্যে মোবাইল ফোনে বাগবিতণ্ডা শুরু হলে লিনা তার বান্ধবীদের ড্রয়িং রুমে গিয়ে ঘুমাতে বলেন। পরবর্তী সময়ে ভোর অনুমান ৫টা ৩০ মিনিটে আসামি হাসিবুর লিনার ফ্ল্যাটে গিয়ে ডাকাডাকি করেন। বান্ধবীরা দরজা খুলে দিলে হাসিবুর জানান, লিনা তার ওপর রাগ করে গলায় ফাঁস দিয়েছে। পরে সবাই ঘরে ঢুকে লিনাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ​দ্রুত তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক লিনাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় লিনার মা মনি বেগম আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ভাটারা থানায় মামলা করেন। মামলার পরে গত ১৫ আগস্ট রাতে হাসিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *