চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের পেছনে একটি মালবাহী ট্রাকের ধাক্কায় ট্রাকটির চালক ও হেলপার নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে সীতাকুণ্ড উপজেলার পন্থিছিলা বড়ুয়া পাড়া এলাকায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালকের নাম মো. ছালেহ আহম্মেদ সেলিম (৪৬)। তিনি রংপুরের মাহিগঞ্জ থানার নাছনিয়া এলাকার মো. মোহসিন আলীর ছেলে। নিহত হেলপারের নাম মো. সোহরাব (৩৫)।
হাইওয়ে পুলিশ জানায়, রংপুর থেকে মালবোঝাই করে চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছিল ট্রাকটি। পথে পন্থিছিলা বড়ুয়া পাড়া এলাকায় একই লেনে চলাচলরত একটি কাভার্ডভ্যানের চালক হঠাৎ ব্রেক করেন। এ সময় পেছনে থাকা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের কেবিন দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ও হেলপার কেবিনের ভেতরে আটকা পড়েন।
খবর পেয়ে কুমিরা হাইওয়ে পুলিশ ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের সহায়তায় তারা ট্রাকের কেবিনে আটকে পড়া দুজনকে উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় তাদের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) এসআই (নিরস্ত্র) জিয়া উদ্দিন ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়দের সহায়তায় ট্রাকের ভেতরে আটকে পড়া চালক ও হেলপারকে উদ্ধার করে। পরে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশের হেফাজতে নেওয়া হয় এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
তিনি আরও বলেন, নিহত দুজনের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।