এবার নেপাল প্রিমিয়ার লিগে সাকিব, ভিড়লো পোখারা অ্যাভেঞ্জার্সে 

শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) জাফনা কিংসের হয়ে বল হাতে আলো ছড়ানোর মধ্যেই নতুন আরও একটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেলেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) আসন্ন আসরের জন্য তাকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজি দল পোখারা অ্যাভেঞ্জার্স।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের মাধ্যমে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পোখারা অ্যাভেঞ্জার্স। সাকিবকে স্বাগত জানিয়ে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার এখন পোখারা পরিবারের সদস্য। আন্তর্জাতিক ক্রিকেট ও বিশ্বজুড়ে বিভিন্ন টি-টোয়েন্টি লিগে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন সাকিবের উপস্থিতি দলের শক্তি বহুগুণ বাড়িয়ে দেবে বলে প্রত্যাশা ফ্র্যাঞ্চাইজিটির। 

খেলোয়াড় সংগ্রহের পাশাপাশি স্কোয়াড শক্তিশালী করতে কোচিং প্যানেলেও বড় পরিবর্তন এনেছে পোখারা অ্যাভেঞ্জার্স। নতুন মৌসুমের জন্য শ্রীলঙ্কার সাবেক রহস্য স্পিনার আজন্তা মেন্ডিসকে দলের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ৮টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে আগামী ১৭ নভেম্বর থেকে নেপাল প্রিমিয়ার লিগের তৃতীয় আসর মাঠে গড়াবে, যা চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। টুর্নামেন্টের সবকটি ম্যাচ কীর্তিপুরের ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।

ফ্র্যাঞ্চাইজিগুলো হলো— বিরাটনগর কিংস, চিতওয়ান রাইনোস, জনকপুর বোল্টস, কর্ণালি ইয়াকস, কাঠমান্ডু গোরখাস, লুম্বিনি লায়ন্স, পোখারা অ্যাভেঞ্জার্স এবং সুদুরপশ্চিম রয়্যালস।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *