জামালপুরের সরিষাবাড়ীতে এতিম কিশোরকে মারধর করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘চোর’ হিসেবে উপস্থাপন করার অভিযোগ উঠেছে সুজন নামে চানাচুর বিক্রেতা এক কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে।
সম্প্রতি ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে স্থানীয় বাসিন্দা ও নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত চানাচুর বিক্রেতাকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোর সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের বাসিন্দা এবং সপ্তম শ্রেণির শিক্ষার্থী। কয়েক বছর আগে তার মা ও বাবা দুজনেই মারা যান। বর্তমানে সে স্বজনদের তত্ত্বাবধানে লেখাপড়া করছে। সম্প্রতি এক প্রতিবন্ধী কিশোরের সঙ্গে ট্রেনে ভ্রমণের সময় পরিচিত চানাচুর বিক্রেতা সুজনের মুখোমুখি হয় সে। এ সময় সুজন তাকে ব্যবহার করে একটি ভিডিও কনটেন্ট তৈরি করে। ভিডিও ধারণের সময় ওই কিশোরকে নির্যাতন ও মারধর করা হয়, যার ফলে তার ঠোঁট ফেটে রক্ত বের হতে দেখা যায়। পরবর্তীতে ভিডিওটি ‘টাকা চোর’ হিসেবে প্রচার করা হলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ঘটনাটি নজরে আসার পর স্থানীয়রা নিরপরাধ কিশোরকে চোর বানিয়ে কন্টেন্ট তৈরির অপরাধে সুজনকে গ্রেপ্তারের দাবি তোলেন।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, তাদের কাছে এ নিয়ে কোনো লিখিত অভিযোগ আসেনি। ঘটনাটি ট্রেনের ভেতরের হওয়ায় বিষয়টি রেলওয়ে পুলিশের এখতিয়ারভুক্ত।
অন্যদিকে জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, লিখিত কোনো অভিযোগ না পেলেও বিষয়টি জানার পর প্রাথমিক অনুসন্ধান শুরু করা হয়েছে। ঘটনাটি কোন ট্রেনে ও কোন স্থানে ঘটেছে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।