এখনো জয়ের আশা দেখছেন হ্যাজলউড

নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটাররা। এক স্টিভেন স্মিথ বাদে বাকিরা সেভাবে সুবিধা করতে পারেননি। ফলাফল হিসেবে দুইশ রানের আগেই গুটিয়ে গেছে স্বাগতিকরা। সেই উইকেটেই পরে রানের ফুলঝুরি ফুঁটিয়েছে বাংলাদেশ। বড় লিড দিয়েছে অসিদের।

দ্বিতীয় ইনিংসেও সুবিধা করতে পারছেন না অস্ট্রেলিয়ানরা। কাঁধের ওপর থাকা রানের বোঝা পুরোপুরি সরানোর আগেই হারিয়েছে ৪ উইকেট। এখনো পিছিয়ে আছে ৬৭ রানে। পরিসংখ্যানও কথা বলছে বাংলাদেশের পক্ষে। স্বয়ং সাবেক অস্ট্রেলিয়ান তারকারাও এই ম্যাচে এগিয়ে রাখছে বাংলাদেশকে। তবুও আশা ছাড়ছেন না অসি পেসার জস হ্যাজলউড।

দিন শেষে সংবাদ সম্মেলনে এসে হ্যাজলউড বলেন, ‘সেশন বাই সেশন এগোতে হবে। চতুর্থ দিন আমাদের ধীরে ধীরে ওদের চাপে ফেলতে হবে। উইকেট অনুযায়ী এখনও অনেক খেলা বাকি। কাল যদি সারা দিন ব্যাট করতে পারি, এরপর পঞ্চম দিনের নাজুক উইকেটের সুবিধা নিয়ে ওদের কিছু উইকেট তুলে নিতে পারি, দেখা যাক কী হয়।’

‘উইকেটে সামান্য অসমান বাউন্স দেখা যাচ্ছিল। শেষ দিনে উইকেট যদি কিছুটা অসমান থাকে, তাহলে তাদের ১০টি উইকেট তুলে নেওয়ার সুযোগ সবসময়ই থাকবে। তাই নিশ্চিতভাবেই এখনো ‘জয়’ আমাদের মাথায় রয়েছে। জয় পেতে যা যা করা সম্ভব, আমরা তা-ই করার চেষ্টা করব।’- যোগ করেন হ্যাজলউড

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের শুরুতেও দারুণ বোলিং করেছে বাংলাদেশ। নতুন বলে দ্রুতই অসিদের দুই ওপেনারকে ফিরিয়ে দিয়েছেন টাইগার পেসার হাসান মাহমুদ। পরে আরও দুই উইকেট শিকার করেন তাইজুল ইসলাম আর মেহেদী হাসান মিরাজ। টাইগারদের এমন বোলিংয়ের প্রশংসাও করেছেন হ্যাজলউড।

উইকেট এখনো ব্যাটিং সহায়ক জানিয়ে হ্যাজলউড বলেন, ‘প্রত্যেক ব্যাটার নিজের শক্তির জায়গা বুঝে খেলে। যে যেভাবে স্বাচ্ছন্দ্য সেভাবে ব্যাট করাই ভালো। পিচ এখনও ব্যাট করার জন্য ভালো। বাংলাদেশ নতুন বলে কিছু উইকেট তুলে নিয়েছে। তারা খুব টাইট বোলিং করেছে।’

এই ম্যাচটি হ্যাজলউডের জন্য বিশেষ। লম্বা বিরতি থেকে ফিরে নবম অস্ট্রেলিয়ান বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন তিনি। সেটিও আবার ফাইফারের মাধ্যমে। যদিও আক্ষেপ, দলের দুরবস্থার কারণে এই সাফল্যগুলো সেভাবে উদযাপন করতে পারছেন না অসি পেসার।

নিজের সাফল্য নিয়ে হ্যাজলউড বলেন, ‘৫ উইকেট পেয়ে ভালো লাগছে। স্মৃতিতে থাকবে অনেক দিন। আমরা আরও ভালো করতে পারতাম। রান আরও কম দেওয়ার সুযোগ ছিল। আজ সবাই ভালো বল করেছে। কিছু ক্যাচ ধরতে পারলে ভালো হতো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *