উত্তর কোরিয়ার বিশেষায়িত ড্রোন ইউনিট রাশিয়ায় মোতায়েন, চিন্তিত ইউক্রেন

রাশিয়ায় মোতায়েন করা উত্তর কোরিয়ার নতুন সৈন্যদলের মধ্যে বিশেষায়িত ড্রোন ইউনিট রয়েছে, যা ইউক্রেনের অভ্যন্তরীণ লক্ষ্যবস্তুতে সরাসরি আক্রমণ চালাতে সক্ষম। ইউক্রেনীয় সামরিক গোয়েন্দা সংস্থার উপপ্রধান মেজর জেনারেল ভাদিম স্কিবিটস্কির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর সিএনএনের। 

বর্তমানে রাশিয়ায় উত্তর কোরিয়ার প্রায় ৮ হাজার ৫০০ সৈন্য অবস্থান করছে, যাদের বড় একটি অংশকে রাখা হয়েছে দেশটির কুরস্ক অঞ্চলে। এ বাহিনীর মধ্যে এক হাজার প্রকৌশলী ও মাইন অপসারণকারী (ডিলাইনার) সৈন্যের পাশাপাশি অন্তত ৪০০ জন ড্রোন অপারেটর রয়েছেন। এই ড্রোন অপারেটররা ইউক্রেনের ভেতরে নজরদারি চালানো এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা পরিচালনার কাজে ব্যবহৃত হতে পারে।

ইউক্রেনীয় গোয়েন্দা তথ্যে জানা গেছে, উত্তর কোরিয়ার সেনারা সরাসরি ইউক্রেনের ভূখণ্ডে গিয়ে যুদ্ধ না করলেও রাশিয়ার পিছনের সারির ঘাঁটি ও অবস্থানগুলো পাহারা দেবে। এর ফলে রুশ বাহিনী তাদের নিজস্ব নিয়মিত সেনাদের মুক্ত করে ইউক্রেনের সামনের সারির যুদ্ধক্ষেত্রে পূর্ণ শক্তিতে অভিযানে পাঠাতে পারছে।

দুই বছর আগে মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর থেকে উত্তর কোরিয়া রাশিয়ায় সেনা পাঠাতে শুরু করে। আগামী সেপ্টেম্বরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে প্রস্তাবিত বৈঠকের সময় মস্কো আরও ৫০ হাজার পর্যন্ত সৈন্য চাইতে পারে বলে ধারণা করছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। এ পর্যন্ত মোট প্রায় ২৫ হাজার উত্তর কোরিয় সেনা রাশিয়ার সামরিক বাহিনীতে নিয়োজিত বা রোটেশনের মাধ্যমে দায়িত্ব পালন করেছেন।

জওয়ান পাঠানোর পাশাপাশি উত্তর কোরিয়া কেএন-২৩ ও কেএন-২৪ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেও রাশিয়াকে সহায়তা করছে। এসব অস্ত্রের মাধ্যমে সম্প্রতি ৩০ জুলাই ইউক্রেনের রাদুশনে অঞ্চলে চালানো হামলায় একই পরিবারের চার শিশু নিহত হয়। বিনিময়ে পিয়ংইয়ং রাশিয়ার কাছ থেকে এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছে এবং ইতোমধ্যে প্যান্টসির-১ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করেছে বলে ইউক্রেনীয় গোয়েন্দা সূত্রে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *