ইসলাম গ্রহণ করেছেন কী রবার্তো কার্লোস?

মরক্কান তরুণীকে বিয়ের খবরের রেশ কাটতে না কাটতে নতুন এক গুঞ্জনে আলোচনায় উঠে এসেছেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোস। ব্রাজিলের এই বিশ্বকাপজয়ী সাবেক তারকা নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন—এমন গুঞ্জন চলছে ফুটবল বিশ্বে। যদিও বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কার্লোস কিংবা তার পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। খবর গোল ডটকম।

তুর্কি সংবাদমাধ্যম হাবেরলারসহ বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলের প্রখ্যাত ধর্মীয় ব্যক্তিত্ব শেখ জিহাদ হামাদার সান্নিধ্যে গিয়ে কালেমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ৫৩ বছর বয়সি এই সাবেক তারকা।

মূলত তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) সংসদ সদস্য আলিসাহিনের একটি সোশ্যাল মিডিয়া পোস্টের পর বিষয়টি নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের পর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে একটি বার্তা দেন ওই সংসদ সদস্য।

ব্রাজিলিয়ান চ্যারিটেবল ইউনিয়ন অব মুসলিম ইউথ’-এর প্রতিনিধি শেখ জিহাদ হামাদার উদ্ধৃতি দিয়ে আলিসাহিন জানান, রবার্তো কার্লোস দীর্ঘদিন ধরেই শেখ হামাদার সঙ্গে যোগাযোগ রাখছিলেন। এর অংশ হিসেবে চার সপ্তাহ আগে তিনি শেখ হামাদার সঙ্গে দেখা করেন এবং শাহাদাহ পাঠ করেন।

ওই পোস্টে ব্রাজিলিয়ান এই কিংবদন্তিকে উষ্ণ অভিনন্দন জানান এবং তার ও তার পরিবারের সুখ-শান্তি কামনা করেন তুর্কি এই সাংসদ।

রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল জাতীয় দলের হয়ে বর্ণিল ক্যারিয়ার পার করা কার্লোস ফুটবল জীবনের শেষভাগে তুরস্কের জনপ্রিয় ক্লাব ফেনেরবাচেতেও খেলেছিলেন। তুরস্কে তার বেশ পরিচিতি থাকায় তুর্কি সংবাদমাধ্যমগুলোতে বিষয়টি নিয়ে জোরেশোরে সংবাদ প্রচার করা হচ্ছে।

এদিকে, ইসলাম ধর্ম গ্রহণের এই খবরের ঠিক আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে কার্লোসের বিয়ের ছবি বেশ ছড়িয়ে পড়ে। ফিফা নিবন্ধিত ফুটবল এজেন্ট ও মরক্কান বংশোদ্ভূত স্প্যানিশ তরুণী সোহাইলা এল তাহিরির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

Brezilya’da İslam Toplumları Temsilcileri İle Bir Araya Geldik

Efsane Futbolcu Roberto CARLOS Müslüman Oldu…

Brezilya’nın São Paulo şehrinde yaşayan ve İslam coğrafyasının en etkili 500 isminden biri olarak gösterilen Sheikh Jihad Hammadeh ile Brezilya İslami Hayırsever… pic.twitter.com/usYFJXdpgZ— Ali ŞAHİN (@AliSahin501) August 17, 2026

প্রতিবেদনে আরও বলা হয়, তাদের এই বিয়ে সাম্প্রতিক নয়। চলতি বছরের জানুয়ারি মাসেই তাদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে এসেছিল। এরপর গত ২৫ জুলাই পারিবারিকভাবে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *