ইতিহাসের সাক্ষী ব্রিগেড মাঠে এবার ঈদুল আজহার নামাজ

ঐতিহ্যবাহী রেড রোডের বদলে এবার কলকাতায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বুধবার থেকেই ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন ব্রিগেড মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।

নামাজের জন্য তৈরি করা হয়েছে বিশেষ ইমামতি মঞ্চ। বসানো হয়েছে শতাধিক লাউডস্পিকার। পাশাপাশি মুসল্লিদের সুবিধার কথা মাথায় রেখে এই প্রথম ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অস্থায়ী শৌচাগার ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও করা হয়েছে। ভিড় নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনায় যৌথভাবে কাজ করছে কলকাতা পুলিশ এবং এবং খিলাফত কমিটি।

খিলাফত কমিটির দায়িত্বপ্রাপ্ত ইশতেক আহমেদ জানান, রেড রোড মুসলিম সম্প্রদায়ের কাছে একটি ঐতিহাসিক স্থান। ১৯২০ সাল থেকেই খিলাফত কমিটি কলকাতায় ঈদের নামাজের আয়োজন করে আসছে। পরে ১৯৭৮ সাল থেকে নিয়মিতভাবে রেড রোডে ঈদের জামাত অনুষ্ঠিত হতে শুরু করে এবং ২০২৫ সাল পর্যন্ত সেখানেই নামাজ হয়েছে। তবে এবার নতুন সরকারের আমলে সেই আয়োজন স্থানান্তরিত হয়েছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে।

নতুন এই ব্যবস্থাকে স্বাগত জানিয়েছেন বহু নামাজি। তাদের বক্তব্য, ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড বহু রাজনৈতিক ও সামাজিক ঘটনার সাক্ষী। এবার সেই মাঠেই অনুষ্ঠিত হতে চলেছে ঈদুল আজহার প্রধান জামাত। যা তাদের কাছে আনন্দের। প্রসঙ্গত, কলকাতা রেড রোডের সবথেকে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতিবার সহস্রাধিক মুসল্লিদের জমায়েতে নামাজ অনুষ্ঠিত হয়ে থাকে। এখন দেখার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে কতটা স্বতঃস্ফূর্তভাবে নেয় মুসল্লিরা।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *