কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। আজ শুক্রবার (৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার পুমদি ইউনিয়নের চরপুমদি গ্রামের মেসার্স মায়ের দোয়া ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকরা হলেন—হোসেনপুর উপজেলার দক্ষিণ চরপুমদি গ্রামের মৃত ছফির উদ্দিনের ছেলে গোলাপ মিয়া (৬৩) এবং একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে উৎপল মিয়া (২৫)। আহতরা হলেন হাদিস মিয়ার ছেলে হৃদয় মিয়া ও লোকমান হোসেনের ছেলে আন্নাছ মিয়া।
পুলিশ জানায়, প্রতিবছরের মতো এবারও ইট পোড়ানোর মৌসুমের কাজ শেষে ইটভাটার পুরোনো দেয়াল ভেঙে সংস্কার করা হচ্ছিল। দুপুরে কয়েকজন শ্রমিক ভাটার পুরোনো দেয়াল ভাঙার কাজে নিয়োজিত ছিলেন। এ সময় শ্রমিকরা ভাটার ছাদের ওপর অবস্থান করছিলেন। হঠাৎ দেয়ালটি ধসে পড়লে গোলাপ মিয়া ও উৎপল মিয়া এর নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। একই ঘটনায় আহত হন আরও দুই শ্রমিক। তাদের উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে। পরে মরদেহ দুটি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া আহত দুই শ্রমিককে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মমিন ভুইয়া জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নেওয়ায় গত বছর মায়ের দোয়া ইটভাটাকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছিল। ইটভাটাটি বর্তমানে বন্ধ থাকার কথা হলেও কীভাবে এর কার্যক্রম আবার চালু হয়েছে, সে বিষয়ে তাদের কিছু জানা নেই।
তবে এ ব্যাপারে জানতে চেষ্টা করেও মেসার্স মায়ের দোয়া ইটভাটা কর্তৃপক্ষের কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।