বরিশালে থানা থেকে পালিয়েছে মাদকের আসর থেকে আটক হওয়া পুলিশের এএসআই দেলোয়ার হোসেন (৩৮)। বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে তার সঙ্গে আরও চারজনকে আটক করা হয়েছিল।
আটক দেলোয়ার হোসেন বরিশাল এয়ারপোর্ট থানার এএসআই এবং খুলনা সদরের শেরেবাংলা রোড এলাকার মো. সাখাওয়াত হোসেন সিকদারের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. জাহিদুল ইসলাম বিষয়টি বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে নিশ্চিত করেন।
এর আগে, সকাল সাড়ে ৬টার দিকে বরিশাল সদর উপজেলার দক্ষিণ কড়াপুর এলাকার মিরাজুল ইসলামের বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। ওই বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয় পুলিশের এএসআই দেলোয়ারসহ ৪ জন। আটকের পর এসআই দেলোয়ার হোসেনকে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
থানা সূত্রে জানা গেছে, আটক দেলোয়ার হোসেন বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ থানা থেকে পালিয়ে যায়। তবে বিষয়টা নিয়ে লুকোচুরি করছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম। তিনি পালিয়ে যাওয়া দেলোয়ার হোসেনের বিষয়ে বলেন, ‘পালায়নি, হয়তো ভয়ে দুরে কোথায়ও গেছে।’
বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।