জাতীয় দলকে বিদায় জানিয়েছেন আর্জেন্টাইন তারকা আনহেল ডি মারিয়া। তবে বিশ্বকাপের আগে আলোচনায় ছিল অবসর ভেঙে বিশ্বকাপের স্কোয়াডে ফিরতে পারেন তিনি। শেষ পর্যন্ত অবশ্য সেটি আর বাস্তব হয়নি। ডি মারিয়াকে ছাড়াই ২০২৬ বিশ্বকাপ খেলেছে আলবিসেলেস্তেরা।
পুরো টুর্নামেন্ট জুড়ে কিছুটা হলেও ডি মারিয়াকে মিস করেছে আর্জেন্টিনা। কারণ, আর্জেন্টিনার মিডফিল্ডের ‘ইঞ্জিন’ খ্যাত এই তারকার অভাব পূরণ করতে পারেনি বাকিরা। আর্জেন্টিনাও আশা জাগিয়েও শিরোপা জিততে পারেনি। ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট শেষ করেছে।
বিশ্বকাপে না থাকলেও বিশ্বকাপ নিয়ে অবশেষে মন্তব্য করলেন ডি মারিয়া। ক্লাউসুরা টুর্নামেন্টে ক্লাবের হয়ে ম্যাচ শেষে কথা বলেন তিনি। বিশ্বকাপে আর্জেন্টিনার যাত্রা নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করে ডি মারিয়া বলেন, ইংল্যান্ডকে হারানোর ম্যাচেই তার কাছে বিশ্বকাপ শেষ হয়ে গেছে।
সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর সেই জয়কে বিশেষভাবে উল্লেখ করে তিনি বলেন, ‘এই জয় পুরো দেশকে অসাধারণ আনন্দ দিয়েছে। ফাইনালের ফল যাই হোক না কেন, ওই ম্যাচই ছিল সবচেয়ে বড় অর্জন।’
একইসঙ্গে আর্জেন্টিনা দলের দুই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব লিওনেল মেসি ও কোচ লিওনেল স্কালোনিকে নিয়েও কথা বলেন তিনি। ৩৯ বছর বয়সেও মেসি নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে যাচ্ছেন বলে মন্তব্য করেন দি মারিয়া। তার মতে, ‘মেসি যতদিন চান, ততদিনই খেলা চালিয়ে যেতে পারেন।’
কোচ স্কালোনির প্রতিও পূর্ণ সমর্থন জানিয়েছেন এই বিশ্বকাপজয়ী ফুটবলার। তিনি বলেন, ‘স্কালোনিই দলের মূল শক্তি এবং তার অধীনেই দল এগিয়ে যাচ্ছে।’