বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আবদুল বারি জয়পুরহাটের ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসা গ্রহণের জন্য ঢাকায় এসেছেন।
বগুড়ার শিবগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় স্ত্রী নাজমা আরা বেগমসহ তিনি আহত হন। তবে এ দুর্ঘটনায় আনুমানিক ষাট বছর বয়সের ফিরোজা বেগম নামের এক বাক প্রতিবন্ধী পথচারী বৃদ্ধা নিহত হয়েছেন।
আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে জয়পুরহাট-মোকামতলা আঞ্চলিক সড়কের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আবদুল বারি ঢাকা থেকে দুদিনের সরকারি সফরে জয়পুরহাটে যাওয়ার পথে তার প্রোটকল গাড়িটি সামনে চলে গেলে বাকপ্রতিবন্ধী এক বৃদ্ধা পথচারী প্রতিমন্ত্রীর গাড়ির সামনে চলে আসেন। তাকে রক্ষা করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি পাশের ধানক্ষেতে পড়ে যায়। দুর্ঘটনায় প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রী আঘাতপ্রাপ্ত হলে তাদের জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
এ দিকে দুর্ঘটনায় গুরুতর আহত বৃদ্ধা পথচারী ফিরোজা বেগমকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সেখানে দুপুর ১২টার দিকে মারা যান।
ফিরোজা বেগম বগুড়ার শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।
জয়পুরহাটের ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক জানান, প্রতিমন্ত্রীর শরীরের কোনো হাড় ভাঙেনি (ফ্র্যাকচার হয়নি); শুধু ডান পায়ে সফট টিস্যু ইনজুরি এবং হাত, কাঁধ ও ঘাড়ে সাময়িক আঘাত লেগেছে। তার পায়ে শর্ট লেগ প্লাস্টারসহ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তার স্ত্রীর তেমন কোনো আঘাত লাগেনি। প্রতিমন্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া বলেন, ‘প্রতিমন্ত্রী স্যার একটি প্রোগ্রামে যাওয়ার পথে প্রোটকশন গাড়ির পেছনে এবং স্যারের গাড়ির সামনে একজন বৃদ্ধা মহিলা ঢুকে পড়েন। তাকে বাঁচাতে গিয়ে স্যারের গাড়িটি রাস্তা থেকে নিচে নেমে যায় এবং স্যার আঘাতপ্রাপ্ত হন। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তিনি ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।’
জেলা প্রশাসক আরও বলেন, দুর্ঘটনাস্থল শিবগঞ্জ উপজেলায়, তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আমরা যোগাযোগ রাখছি এবং প্রশাসনিকভাবে যা করা প্রয়োজন, তা করা হচ্ছে।