আর্জেন্টিনা নিয়ে কী বললেন গায়িকা পারশা

ফুটবল বিশ্বকাপ এলেই যেন উন্মাদনায় মেতে ওঠে পুরো বিশ্ব। সেই উন্মাদনা থেকে বাদ যান না শোবিজ অঙ্গনের তারকারাও। প্রিয় দলকে ঘিরে তাদের আবেগ, উচ্ছ্বাস আর সমর্থনের গল্পও ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। এবার নিজের ফুটবলপ্রেমের কথা প্রকাশ্যে জানালেন জনপ্রিয় সংগীতশিল্পী পারশা মাহজাবীন পূর্ণি।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে হাজির হয়ে ছোটবেলা থেকেই আর্জেন্টিনার প্রতি নিজের ভালোবাসার গল্প শোনান এই গায়িকা। জানান, পরিবারের মধ্যে থেকেই আর্জেন্টিনার প্রতি তার ভালোবাসার তৈরি হয়েছিল। 

আর্জেন্টিনার প্রতি ভালোলাগা কীভাবে তৈরি হলো, সে প্রসঙ্গে পূর্ণি বলেন, ‘আর্জেন্টিনা সাপোর্ট করি ছোটবেলা থেকে। আমার বড় ভাইকে দেখতাম অনেক বড় বড় পতাকা নিয়ে আসতে। বাসায় যেভাবে পতাকা লাগানো হতো, সেখান থেকেই আর্জেন্টিনার প্রতি আলাদা একটা ভালোবাসা তৈরি হয়।’

বিশ্ব ফুটবলের অন্যতম চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল আর্জেন্টিনা ও ব্রাজিল। এই দুই দলের লড়াই মানেই মাঠে উত্তেজনা, আর মাঠের বাইরে সমর্থকদের তর্ক-বিতর্ক। সেই প্রতিদ্বন্দ্বিতার মজাটাও বেশ উপভোগ করেন পূর্ণি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আর্জেন্টিনা আর ব্রাজিলের মধ্যে যে একটা মারামারি হয়, সেটা আমরা অনেক উপভোগ করি। খুব মজা লাগে।’

সংগীতজগতের ব্যস্ততার মাঝেও ফুটবলের প্রতি তার এই উচ্ছ্বাস নতুন করে ভক্তদের নজর কেড়েছে। প্রিয় দলের প্রতি এমন আবেগ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ প্রশংসা পাচ্ছেন এই তরুণ গায়িকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *