আর্জেন্টিনা ফুটবল দল যেন অথৈ সাগরে ভাসছিল। কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছিল না। দীর্ঘদিনের ট্রফি খরায় সমালোচকদের তীব্র সমালোচনার মুখে পড়েছিল আলবিসেলেস্তেরা। তখনই দক্ষ নাবিকের মতো আর্জেন্টিনা ফুটবলের হাল ধরেন লিওনেল স্কালোনি। এরপরই বদলে যায় আর্জেন্টিনার ফুটবল। দীর্ঘ সময় পরে আন্তর্জাতিক ট্রফির স্বাদ পায় তারা।
২০২১ সালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে জেতে কোপা আমেরিকার শিরোপা। এরপর ২০২২ সালে ২৮ বছর পর জেতে বিশ্বকাপের শিরোপা। সবমিলিয়ে এখন পর্যন্ত স্কালোনির অধীনে বেশ কয়েকটি বড় ট্রফি জিতেছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের সঙ্গে স্কালোনির অধ্যায়টা সাফল্যে ভরা।
সেই কোচেরই এখন আর্জেন্টিনার ডাগআউটে দাঁড়ানো নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। ট্রিবিউনার এক প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনায় এখনো সমঝোতায় পৌঁছাতে পারেনি কোনো পক্ষই।
স্কালোনির সঙ্গে এএফএ-এর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে বাকি আর মাত্র তিন মাস। এরই মধ্যে নতুন চুক্তি নিয়ে আলোচনা শুরু হলেও বেশ কয়েকটি বিষয়ে মতপার্থক্যের কারণে তা থমকে আছে। দ্রুত সমাধান না হলে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর আর্জেন্টিনার দায়িত্ব থেকে সরে দাঁড়াতে পারেন ৪৮ বছর বয়সী এই কোচ।
২০১৮ সালে হোর্হে সাম্পাওলি বিদায় নেওয়ার পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে আর্জেন্টিনার দায়িত্ব পান লিওনেল স্কালোনি। পরে স্থায়ীভাবে দায়িত্ব পাওয়ার পর ধীরে ধীরে বদলে দিতে থাকেন দলটির চেহারা।
স্কালোনির অধীনে একের পর এক বড় সাফল্য পায় আলবিসেলেস্তেরা। ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকার পাশাপাশি ২০২২ সালে ফিনালিসিমা ও বিশ্বকাপের শিরোপাও জেতে আর্জেন্টিনা। দীর্ঘ অপেক্ষার পর বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বাদও আসে স্কালোনির হাত ধরেই। তবে এত সাফল্যের পরও স্কালোনির ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মধ্যে।