আইসিইউতে নায়িকা মেঘলা মুক্তা

চিত্রনায়িকা মেঘলা মুক্তা রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। ভয়াবহ এক দুর্ঘটনায় আহত হওয়ার পর তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। বর্তমানে তাঁর জরুরি অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে। বুধবার মেঘলা মুক্তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে অ্যাডমিনের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

ফেসবুক পোস্টে অ্যাডমিন প্যানেলের পক্ষ থেকে বলা হয়, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে মেঘলা মুক্তা এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন। বর্তমানে তিনি আইসিইউতে আছেন এবং তাঁর অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে। এই কঠিন সময়ে সবাই তাঁকে প্রার্থনায় রাখুন। আমরা তাঁর সফল অস্ত্রোপচার এবং দ্রুত সুস্থতা কামনা করছি।’

একই পোস্টে মেঘলা মুক্তার শারীরিক অবস্থা নিয়ে কোনো ধরনের গুজব বা যাচাইহীন তথ্য না ছড়ানোর অনুরোধ জানানো হয়েছে। সেখানে বলা হয়, নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা তাঁর অফিশিয়াল পেজের মাধ্যমে জানানো হবে।

এর আগে গত ২৭ জুলাই নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছিলেন মেঘলা মুক্তা। সেখানে নিজের ক্ষতিগ্রস্ত মুঠোফোনের কয়েকটি ছবি প্রকাশ করে তিনি লিখেছিলেন, ‘আমার ফোনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই কিছুদিন সামাজিক মাধ্যম থেকে দূরে থাকব। আপনারা আমাকে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে পাবেন না। জরুরি বা গুরুত্বপূর্ণ কিছু থাকলে সরাসরি নম্বরে কল করবেন।’

ওই পোস্টের দুই দিন পরই মেঘলা মুক্তার অফিশিয়াল পেজ থেকে তাঁর দুর্ঘটনার খবর জানানো হলো।

মেঘলা মুক্তা মূলত মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন। র‍্যাম্পে কাজ করার পাশাপাশি বিলবোর্ড ও গানের ভিডিওতেও তাঁকে দেখা গেছে। পরে বড় পর্দায় অভিনয়ের স্বপ্ন নিয়ে সিনেমায় পা রাখেন তিনি।

তেলেগু সিনেমা ‘সাকালা কালা ভাল্লাভুডু’-তে অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপকভাবে আলোচনায় আসেন। বাংলাদেশে মেঘলা মুক্তা অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘পায়ের ছাপ’, ‘কাঠগোলাপ’ ও ‘আগুনের পাখি’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *