অভিনয় ছাড়ছেন রণবীর কাপুর, করবেন পরিচালনা!

অভিনেতা হিসেবে বলিউডে একের পর এক সাফল্য পেয়েছেন রণবীর কাপুর। ‘রকস্টার’, ‘বরফি’, ‘সঞ্জু’, ‘ব্রহ্মাস্ত্র’ ও ‘অ্যানিমেল’ এর মতো সিনেমা দিয়ে তৈরি করেছেন আলাদা পরিচিতি। তবে এবার অভিনয়জীবন থেকে সরে দাঁড়িয়ে নতুন ভূমিকায় নিজেকে দেখতে চান এই তারকা। পরিচালকের চেয়ারে বসার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এমনকি অভিনয়শিল্পী হিসেবে আগামী দশকটিকেই নিজের শেষ দশক বলে মনে করছেন রণবীর।

সম্প্রতি ‘রামায়ণ: পার্ট ওয়ান’-এর প্রচারে বিবিসি এশিয়ান নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান অভিনেতা। সেখানে তিনি বলেন, অভিনয়শিল্পী হিসেবে তাঁর মনে হয়, এটাই শেষ দশক। এরপরও এমন চরিত্রে অভিনয়ের সুযোগ পাবেন কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

তবে এখনই অভিনয় ছাড়ছেন না রণবীর। বরং হাতে থাকা সিনেমাগুলোর কাজ শেষ করে পরিচালনায় মনোযোগ দিতে চান। তাঁর পরিকল্পনায় রয়েছে ‘ব্রহ্মাস্ত্র ২’, ‘অ্যানিমেল ২’ ও ‘রামায়ণ: পার্ট টু’। এসব কাজ শেষ করার পর নিজের পরিচালনায় প্রথম সিনেমার শুটিং শুরু করতে চান তিনি। আগামী দুই থেকে তিন বছরের মধ্যেই পরিচালনায় অভিষেকের আশা করছেন এই অভিনেতা।

সাক্ষাৎকারে রণবীর জানান, কয়েক মাস আগে থেকেই নিজের পরিচালনার সিনেমার চিত্রনাট্য লেখার কাজ শুরু করেছেন। গল্প লেখার অভিজ্ঞতা তাঁকে সিনেমা নির্মাণের প্রক্রিয়া সম্পর্কে নতুনভাবে ভাবতে শিখিয়েছে। পরিচালকের কাজের প্রতিও তাঁর গভীর আগ্রহ তৈরি হয়েছে। প্রথম সিনেমায় নিজে অভিনয় করার পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন তিনি।

কী ধরনের সিনেমা নির্মাণ করতে চান রণবীর? এ প্রসঙ্গে তাঁর পছন্দের তালিকায় রয়েছে ‘লাইফ ইজ বিউটিফুল’, ‘ইটস আ ওয়ান্ডারফুল লাইফ’ এবং রাজকুমার হিরানির সিনেমা। আবেগনির্ভর, পারিবারিক ও দর্শকের মনে ভালো লাগার অনুভূতি তৈরি করে এমন গল্প বলতে চান তিনি। তবে পরিচালনায় তাঁর প্রথম সিনেমার গল্প বা ঘরানা এখনো চূড়ান্ত হয়নি।

এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে নিজের জন্মদিনে ইনস্টাগ্রাম লাইভে পরিচালনায় আসার ইচ্ছার কথা জানিয়েছিলেন রণবীর। তখন দুটি গল্পের ভাবনা নিয়ে কাজ করার কথাও বলেছিলেন তিনি। এবার চিত্রনাট্য লেখার কাজ শুরুর কথা জানিয়ে সেই পরিকল্পনাকে আরও এগিয়ে নেওয়ার ইঙ্গিত দিলেন।

রণবীরের বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর অভিনয় ছাড়ার আলোচনা শুরু হয়েছে। তবে তিনি এখনই অভিনয় থেকে অবসরের ঘোষণা দেননি। বরং আগামী কয়েক বছর অভিনয়ের কাজ শেষ করে ধীরে ধীরে পরিচালনায় মনোযোগ দেওয়ার পরিকল্পনা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *