৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক কসাইখানা উদ্বোধন

মুন্সীগঞ্জে পরিবেশবান্ধব ও সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন আধুনিক (স্লটার হাউজ) কসাইখানার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (৯ জুন) সকালে মুন্সীগঞ্জ পৌরসভার মুন্সিরহাট এলাকায় ফিতা কেটে এই কসাইখানার উদ্বোধন করা হয়।

পৌরসভার উদ্যোগে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই কসাইখানার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।

মুন্সীগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ জানায়, এই আধুনিক কসাইখানায় স্বয়ংক্রিয় ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে খুব দ্রুত সময়ের মধ্যে পশু জবাই সম্পন্ন করা যাবে। একই সাথে সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত উপায়ে মাংস প্রক্রিয়াকরণ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার সুবিধা রয়েছে এখানে, যা শহরের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও জানায়, এই কসাইখানায় প্রাণীর আগমন নিশ্চিত করার পর প্রথমে তার শারীরিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এরপর নির্ধারিত ধর্মীয় ও স্বাস্থ্যগত নিয়ম অনুসরণ করে পশু জবাই এবং সম্পূর্ণ পরিষ্কার-পরিচ্ছন্ন উপায়ে মাংস প্রস্তুত করার বৈজ্ঞানিক প্রক্রিয়া অনুসরণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, জেলা পরিষদ প্রশাসক এ কে এম ইরাদত এবং মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমি মাহবুবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *