২০৩০ পর্যন্ত ব্রাজিলেই থাকছেন আনচেলত্তি

উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে কঠিন পরীক্ষার মুখে পড়তে যাচ্ছেন কার্লো আনচেলত্তি। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে কত দূর এগিয়ে নিতে পারেন, তা দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। তবে সেই বড় মঞ্চে নামার আগেই সুখবর পেয়েছেন ইতালিয়ান এই কোচ।

কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল (সিবিএফ) জানিয়েছে, (সিবিএফ) জানিয়েছে, কার্লো আনচেলত্তির চুক্তির মেয়াদ আরও চার বছর বাড়ানো হয়েছে। ফলে ৬৬ বছর বয়সী এই কোচ ২০৩০ বিশ্বকাপেও ব্রাজিলের দায়িত্বে থাকবেন।
 
২০২৫ সালের মে মাসে ব্রাজিলের কোচের দায়িত্ব নেন কার্লো আনচেলত্তি। পাঁচবারের চ্যাম্পিয়নস লিগজয়ী এই কোচের দীর্ঘ ক্যারিয়ারে এটিই প্রথম কোনও জাতীয় দলের দায়িত্ব নেওয়া। শুরুতে তার সঙ্গে চুক্তি হয়েছিল ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত। তবে বিশ্বকাপ শুরুর অনেক আগেই ব্রাজিল ফুটবল ফেডারেশন তার মেয়াদ আরও এক আসরের জন্য বাড়িয়েছে।

সিবিএফের অফিসিয়াল এক্স পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় কার্লো আনচেলত্তি বলেন, ‘‘এক বছর আগে আমি ব্রাজিলে এসেছিলাম এবং তখনই বুঝতে পেরেছিলাম, এই দেশটির মানুষের কাছে ফুটবল কতটা আবেগের। আমরা জাতীয় দলকে আবারও বিশ্বের শীর্ষে ফিরিয়ে আনতে কাজ করছি। তবে সিবিএফ এবং আমি—দু’পক্ষই আরও বড় কিছু অর্জন করতে চাই। তাই অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আমরা একসঙ্গে পথচলা চালিয়ে যাবো।’’

এ পর্যন্ত কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল ১০টি ম্যাচ খেলেছে। এর মধ্যে পাঁচটিতে জয় পেয়েছে সেলেসাওরা, দুটি ম্যাচ ড্র করেছে এবং হেরেছে তিনটিতে।

ব্রাজিল সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ২০০২ সালে। এবার তাদের মিশন শুরু হবে ১৩ জুন, মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে। ‘সি’ গ্রুপে ব্রাজিলের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। বিশ্বকাপের জন্য আগামী ১৮ মে চূড়ান্ত দল ঘোষণা করার কথা রয়েছে আনচেলত্তির।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *