রাম চরণ অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘পেদ্দি’ বক্স অফিসে দাপট অব্যাহত রেখেছে। মুক্তির মাত্র ১০ দিনের মধ্যেই সিনেমাটি বিশ্বব্যাপী ৩৭৮ কোটির রুপি ছাড়িয়ে গেছে বলে বিভিন্ন ট্রেড রিপোর্টে জানানো হয়েছে। প্রথম দুই দিনেই সিনেমাটি ১৮০ কোটির কাছাকাছি পৌঁছে গিয়েছিল, পরবর্তীতে ধারাবাহিক আয়েই এই বড় অঙ্কে পৌঁছায়।
ভারতের বাজারেও সিনেমাটির পারফরম্যান্স শক্ত অবস্থানে রয়েছে। দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেও আয় স্থিতিশীলভাবে বাড়ছে, বিশেষ করে দক্ষিণ ভারতের কেন্দ্রগুলোতে দর্শক উপস্থিতি এখনও ভালো বলে জানা গেছে।
অন্যদিকে সিনেমাটিকে ঘিরে এখন নতুন করে আলোচনায় এসেছে এর কাস্টের পারিশ্রমিক কাঠামো। একাধিক ট্রেড রিপোর্ট অনুযায়ী, রাম চরণ এই সিনেমার জন্য প্রায় ৬০ থেকে ১০০ কোটি রুপি পর্যন্ত পারিশ্রমিক নিয়েছেন বলে দাবি করা হচ্ছে। এটি তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রজেক্টগুলোর একটি।
নারী প্রধান চরিত্রে অভিনয় করা জাহ্নভী কাপুরও পেয়েছেন তাঁর ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক—এমনটাই জানিয়েছে ইন্ডাস্ট্রি সূত্র। পাশাপাশি শিবরাজকুমার, জগপতি বাবু ও দিব্যেন্দু শর্মার মতো অভিনেতাদের উপস্থিতিও সিনেমার বাজেটকে আরও বড় করেছে।
ট্রেড বিশ্লেষকদের মতে, প্রায় ৩০০ কোটি রুপি বাজেটের এই সিনেমাটি ইতিমধ্যেই প্রযোজনা খরচের বড় অংশ তুলে ফেলেছে। ফলে আগামী দিনগুলোতে এটি আরও বড় মাইলফলকের দিকে এগোতে পারে।