২৩৭ কোটি আয়, মুক্তির ২৮ দিন পর ওটিটিতে ‘দৃশ্যম ৩’

প্রেক্ষাগৃহে দারুণ সাড়া ফেলার পর এবার ওটিটি দর্শকদের সামনে আসছে মোহনলাল অভিনীত বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার ‘দৃশ্যম ৩’। আগামী ১৮ জুন থেকে অ্যামাজন প্রাইমে স্ট্রিমিং শুরু হবে সিনেমাটির। অর্থাৎ প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসেরও কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে।

গত ২১ মে মোহনলালের জন্মদিন উপলক্ষে বিশ্বজুড়ে মুক্তি পেয়েছিল ‘দৃশ্যম ৩’। মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়ে বক্স অফিসে একের পর এক সাফল্যের নজির গড়ে সিনেমাটি। ইতোমধ্যে বিশ্বব্যাপী ২৩৭ কোটিরও বেশি রুপি আয় করে এটি মালয়ালমের অন্যতম সফল সিনেমায় পরিণত হয়েছে।

প্রেক্ষাগৃহের সাফল্যের ধারাবাহিকতায় এবার ওটিটিতেও আসছে ‘দৃশ্যম ৩’। মালয়ালমের পাশাপাশি তামিল, তেলুগু ও কন্নড় ভাষার ডাব সংস্করণে ২০০টিরও বেশি দেশে একযোগে সিনেমাটি দেখা যাবে।

ফ্র্যাঞ্চাইজির আগের দুই কিস্তির মতো এবারও পরিচালনা ও চিত্রনাট্যের দায়িত্বে রয়েছেন জিতু জোসেফ। আশীর্বাদ সিনেমাসের ব্যানারে প্রযোজনা করেছেন অ্যান্টনি পেরুম্বাভুর। জর্জকুট্টির চরিত্রে ফিরেছেন মোহনলাল। তাঁর পরিবারের সদস্যদের ভূমিকায় রয়েছেন মীনা, আনসিবা হাসান ও এস্থার অনিল। গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে অভিনয় করেছেন সিদ্দিক।

পরিচালক জিতু জোসেফ জানিয়েছেন, নতুন কিস্তিতে শুধু রহস্য বা রোমাঞ্চ নয়, বরং পরিবারকে রক্ষা করতে গিয়ে বছরের পর বছর ধরে জর্জকুট্টির মানসিক চাপ, ভয় ও অনিশ্চয়তার দিকটিও তুলে ধরা হয়েছে। অতীতের সেই অপরাধের ছায়া আবারও পরিবারের ওপর নেমে এলে শেষবারের মতো আইনের চোখ ফাঁকি দেওয়ার মরিয়া চেষ্টা নিয়েই এগিয়েছে গল্প।

এদিকে অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম ৩’-এর হিন্দি সংস্করণের শুটিংও শেষ হয়েছে। সেটি আগামী ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *