স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনা অভিনেতা আলভী দুই দিনের রিমান্ডে

স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় আত্মহত্যার প্ররোচনার মামলায় ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূইয়া ওরফে জাহের আলভী ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিন রিমান্ডে নিতে আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এই আদেশ দেন। গত ২১ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আলভীর রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর জোনাল টিমের গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আব্দুল মালেক।

রিমান্ডের আবেদনে উল্লেখ করা হয়, ইকরাকে উদ্দেশ্যে করে জাহের আলভী অপমান ও বিভিন্ন ধরনের মানসিক অত্যাচারসহ উসকানিমূলক কথাবার্তা উল্লেখ করে তার ফেসবুকে পোস্ট করতেন। আসামি বিবাহিত হওয়া সত্ত্বেও গত ২৭ ফেব্রুয়ারি সে অন্য নারীর সঙ্গে ছবি সংযুক্ত করে উসকানিমূলক কথাবার্তা লিখে ফেসবুকে পোস্ট করেন।

মামলার মূল রহস্য উদঘাটনসহ অন্য পলাতক আসামিদের গ্রেপ্তার, শনাক্তকরণ ও আসামির স্থায়ী ঠিকানা উদঘাটনের জন্য রিমান্ড প্রয়োজন। আবেদনের পরিপ্রেক্ষিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন রিমান্ড শুনানির জন্য আজ ২৪ জুন দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ আজ রিমান্ডের বিষয়ে জানিয়েছেন।

এর আগে গত ১৮ জুন আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন জাহের আলভী। শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

গত ১ মার্চ বেলা পৌনে ১২টার দিকে বাসার সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় অভিনেতা আলভীর স্ত্রী ইকরাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা। পরে বাসার মালিকসহ স্বজনরা মিলে তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ১ মার্চ রাতেই তার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে মামলা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *