ভাইয়ের ঘুষিতে ভাই নিহত

মাদারীপুরের শিবচরে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন চাচাতো ভাইয়ের ঘুষিতে আলতাফ মাদবর (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার পর থেকে নিহতের চাচাতো ভাই বারেক মাদবর পলাতক।

বুধবার (২৪ জুন) সন্ধ্যায় উপজেলার মাদবরচর ইউনিয়নের সাড়ে এগাররশি (বাচ্চু মাদবরকান্দি) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলতাফ মাদবর ওই গ্রামের ইসলাম মাদবরের ছেলে। পলাতক বারেক মাদবর একই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, জায়গা-জমিসহ বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে আলতাফ মাদবরের সঙ্গে তার চাচাতো ভাই বারেক মাদবরের বিরোধ চলছিল। এর জেরে বুধবার সন্ধ্যায় তাদের দুজনের মধ্যে তীব্র বাগবিতণ্ডা ও তর্কাতর্কি হয়। তর্কের একপর্যায়ে বারেক মাদবর উত্তেজিত হয়ে আলতাফ মাদবরের বুকে সজোরে ঘুষি মারেন। এতে আলতাফ মাদবর তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *