বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের নামে ঘোষিত ‘সুলতান সম্মাননা পদক-২০২৬’ পাচ্ছেন বিশিষ্ট চিত্রশিল্পী ড. আব্দুস সাত্তার। এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ সোমবার (১০ আগস্ট) সংস্কৃতিবিষয়কমন্ত্রী নিতাই রায়চৌধুরী আনুষ্ঠানিকভাবে এ পদক তুলে দেবেন।
নড়াইল জেলা প্রশাসন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও এস এম সুলতান সংগ্রহশালার যৌথ উদ্যোগে এ উপলক্ষে নড়াইলে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। দিনব্যাপী এসব কর্মসূচির মধ্যে রয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কোরআনখানি, সমাধিতে শ্রদ্ধা নিবেদন, আর্টক্যাম্প, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে নড়াইল-১ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্যগণ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
পদকপ্রাপ্ত ড. আব্দুস সাত্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগে দীর্ঘকাল শিক্ষকতা করেছেন। প্রাচ্য শিল্পরীতি ও আধুনিকতার সংমিশ্রণে শিল্পকর্ম সৃষ্টির জন্য সুপরিচিত একুশে পদকপ্রাপ্ত এই বরেণ্য শিল্পীর ২০টিরও বেশি গবেষণাগ্রন্থ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পাঠ্য বই হিসেবে তালিকাভুক্ত রয়েছে।
১৯২৩ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন বোহেমিয়ান শিল্পী এস এম সুলতান। তুলির আঁচড়ে মেহনতি মানুষের শক্তি ও সংগ্রামের চিত্র এঁকে তিনি কালজয়ী হয়েছেন। কাজের স্বীকৃতিস্বরূপ তিনি একুশে পদক, স্বাধীনতা পদকসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর তিনি মারা যান। প্রতিবছর এই শিল্পীর জন্মদিনে সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য গুণী শিল্পীদের ‘সুলতান সম্মাননা’ প্রদান করা হয়।