সীমান্তে ৯ নারীকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

দিনাজপুরের বিরামপুর উপজেলার ভাইগড় সীমান্ত দিয়ে ৯ জন নারীকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সীমান্ত প্রহরীদের তৎপরতা ও স্থানীয় গ্রামবাসীর তাৎক্ষণিক প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। এই ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ও উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

আজ শনিবার (২৫ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ভাইগড় সীমান্তের ঘাসুড়িয়া বিওপির আওতাধীন ২৯১ নম্বর সীমান্ত পিলারের ২০-এস এলাকায় এ ঘটনা ঘটে। ঘাসুড়িয়া বিওপির কোম্পানি কমান্ডার টি আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সীমান্ত ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোররাতে ভারতের শ্রী রামপুর এলাকার দিক থেকে ৯ জন নারীকে জোরপূর্বক সীমান্ত পার করে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ সদস্যরা। ঘটনা টের পেয়ে বিজিবি সদস্যরা বাঁশি বাজিয়ে সতর্ক অবস্থান নেন এবং সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি ও স্থানীয় গ্রামবাসী একজোট হয়ে তাদের বাধা দেন। তীব্র বাধার মুখে পড়ে বিএসএফ শেষ পর্যন্ত ওই নারীদের পুনরায় ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নিতে বাধ্য হয়।

পরবর্তীতে সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ওপারে বিএসএফ সদস্যদের উপস্থিতি অস্বাভাবিক হারে বাড়তে থাকলে সীমান্ত এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ও থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। তবে বিজিবির কড়া অবস্থানের কারণে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে।

স্থানীয় কাটলা ইউনিয়ন পরিষদের সদস্য শুকুর আলী জানান, ভোরে বিএসএফ ৯ জন নারীকে জোর করে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছিল। বিজিবির সংকেত পেয়ে স্থানীয়রা ছুটে গিয়ে প্রতিরোধ গড়ে তুললে বিএসএফ পিছু হটে।

ঘাসুড়িয়া বিওপির কোম্পানি কমান্ডার টি আলম জানান, ভারত থেকে অবৈধভাবে ৯ জন নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছিল। বিজিবি সদস্যরা তা সফলভাবে প্রতিহত করে তাদের ভারতীয় সীমান্তে ফেরত পাঠিয়েছে। সীমান্ত দিয়ে যাতে কোনো ভারতীয় নাগরিক বা অবৈধ অনুপ্রবেশ ঘটানো না যায়, সে লক্ষ্যে বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *