শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার অরবিন্দ ডি সিলভার বাসা থেকে তাঁর ভায়রাভাই ও শ্রীলঙ্কান এয়ারলাইন্সের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাপিলা চন্দ্রসেনার মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার (৮ মে) কলম্বোর কল্লুপিতিয়া এলাকায় ডি সিলভার বাসভবন থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।
শ্রীলঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিরর তাদের প্রতিবেদনে জানিয়েছে, অরবিন্দ ডি সিলভা ও কাপিলা চন্দ্রসেনার দুই পরিবারের মাঝে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কারণ চন্দ্রসেনা এবং ডি সিলভা দুই বোন— প্রিয়াঙ্কা নিওমালি উইজে নায়েক এবং আনুষ্কা ডি সিলভাকে বিয়ে করেছেন।
ডেইলি মিররে প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে করছে। তবে মৃত্যুর সঠিক কারণ বের করার জন্য আনুষ্ঠানিক তদন্ত এবং ময়নাতদন্ত চলমান রয়েছে।
শ্রীলঙ্কান সংবাদমাধ্যমটি জানিয়েছে, চন্দ্রসেনার বাসভবন কলম্বোর বার্নস প্লেসে অবস্থিত। তিনি গতকাল অরবিন্দ ডি সিলভার বাসভবনে এসেছিলেন। গতকালই কলম্বোর চিফ ম্যাজিস্ট্রেট জামিনের শর্ত ভঙ্গ করায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাও ঘটনাস্থলে উপস্থিত হন।