সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ মঙ্গলবার (২৮ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এই পোস্টকে ঘিরে নতুন করে গুঞ্জন ও আলোচনার সৃষ্টি হয়েছে।
ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ সংক্ষিপ্তভাবে লেখেন, ‘দুই সরকারি দলের সমঝোতায় চুপ্পুর সেফ এক্সিট!’
তবে কোন দুই ‘সরকারি দল’ কিংবা কীভাবে এই ‘সেফ এক্সিট’ বা নিরাপদ প্রস্থান কার্যকর করা হয়েছে, সে বিষয়ে পোস্টে বিস্তারিত কিছু ব্যাখ্যা করেননি তিনি। তার এই মন্তব্য প্রকাশ্যে আসার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য শুরু করেন।
মুফতি আরফান শাহ নামের একজন মন্তব্য করেন, ‘কাঁদা ছোড়াছুড়ি, দোষারোপের রাজনীতি আর নয়। ইতিবাচক পরিবর্তন, ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ায় হোক জাতীয় প্রত্যয়।’
উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি জানিয়ে আসছিল বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন। সম্প্রতি তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। এরপরই আসিফ মাহমুদের এই ইঙ্গিতপূর্ণ পোস্ট নতুন করে রাজনৈতিক আলোচনার জন্ম দিল।