সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা কারাগারে

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সমাবেশে যাওয়ার সময় প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগে সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এই আদেশ দেন।

ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মোক্তার হোসেন এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ৭ দিনের রিমান্ড শেষে আসামিকে হাজির করে কারাগারে প্রেরণের আবেদন করেন।

এর আগে গত ১৩ আগস্ট এই আসামির সাত দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন। সে রিমান্ড শেষ হলে আজ আদালতে হাজির করা হয়।

নথি থেকে জানা গেছে, গত ৩ আগস্ট রাত দেড়টায় রাজধানীর বসুন্ধরার বাসা থেকে জগলুল পাশাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

২০২৪ সালের অক্টোবরে রাজধানীর গুলশান থানায় ১১১ জনকে আসামির বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লতিফ হল শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম শাওন বাদী হয়ে মামলা করেন।

এজাহারে বলা হয়েছে, ২০১৩ সালের ২৮ ডিসেম্বর জগলুল পাশাসহ মামলার এজাহারনামীয় আসামি মারাত্মক অস্ত্র-সস্ত্রসহ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুলশানের বাসার সামনে সকাল থেকে অবস্থান করে। তারা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মারধর করে। আসামিরা রাস্তার ওপর অন্তর্ঘাতমূলক কার্যক্রম করে রাস্তা বন্ধ করে। সেখানে খালেদা জিয়া যেন সমাবেশে যোগ না দিতে পারেন সে জন্য রাস্তার ওপর ত্রাস সৃষ্টি করে।

এজাহারে আরও বলা হয়েছে, কর্মসূচি অনুযায়ী ২৯ ডিসেম্বর সকাল ৯টায় সময় খালেদা জিয়া তার সফরসঙ্গীদের নিয়ে সমাবেশে যাওয়ার প্রস্তুতি নিলে আসামিরা রাস্তায় বাধা দেয়। বালুর ট্রাকসহ বিভিন্ন ট্রাক রাস্তায় রেখে ব্যারিকেড দেয়। খালেদা জিয়া বারবার চেষ্টা করা সত্ত্বেও আসামিরা প্রতিবন্ধকতা সৃষ্টি করে ও নিষিদ্ধ পেপার স্প্রে ব্যবহার করে। এতে খালেদা জিয়াসহ তার সঙ্গে থাকা নেতাকর্মীরা আহত হন। এই মামলা ছাড়াও খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ‘জাল নথি প্রস্তুত ও আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগ রয়েছে জগলুল পাশার বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *